প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:০১ পিএম

সংগৃহীত ছবি
আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
তার ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে নেওয়া সংস্কার পদক্ষেপ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ ভাষণে বিশেষভাবে উল্লেখ করা হবে।
তিনি আরও বলেন, মূল বার্তা হবে, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর।
এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে পৌঁছান।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যুক্ত হয়েছেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।