প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার চন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। প্রসিকিউশন দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা। এ সময় মেঘনা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাজারের দোকান মালিক আনিছের দোকান থেকে মোট ৫৮টি অবৈধ জাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৮টি চায়না দুয়ারী জাল (আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা) এবং ৫০টি কারেন্ট জাল (আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা)। জব্দকৃত জালের মোট মূল্য দাঁড়ায় ৬৫ হাজার টাকার বেশি।
আনিছকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পরে জব্দকৃত জালগুলো মেঘনা উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান স্বদেশ প্রতিদিনকে জানান, মৎস্য সম্পদ রক্ষা ও জেলেদের স্বার্থ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অমান্য করলে সরকারের নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর