প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৮:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলে ও হাকিম চত্বরে মরা মুরগী রান্না করে খাওয়ানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুরপাড়ে মো. সেলিমের দোকানে মরা ও পঁচা মুরগির মাংস পাওয়া যায়। একইদিন সন্ধ্যায় হাকিম চত্বরে জাকিরের দোকানে মরা ও পঁচা মুরগীর হালিম পাওয়া যায়।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের ভিপি মু. মহিউদ্দিন মাহবুব বলেন, আমরা কয়েকজন হালিম খেতে নিলে মুরগী থেকে গন্ধ পাই। পরে দোকানের পরিচালক জাকির ভাইকে দেখালে সে হালিম বিক্রি বন্ধ রাখে।
পরবর্তীতে,আমরা প্রক্টর অফিস ও সিকিউরিটি অফিসারকে জানালে তারা বিধি মোতাবেক দোকান বন্ধ করে দেন।
এছাড়াও, শহীদুল্লাহ্ হলের ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মরা মুরগীর মাংস পাওয়ার ঘটনা দোকান মালিক স্বীকার করেন। পরবর্তীতে, তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হল প্রশাসন বিনা নোটিশে দোকানের চুক্তিপত্র বাতিল করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সার্বিক বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ