প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে খুনের ঘটনাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজন আসামি পক্ষের অন্তত ১১টি পরিবারের ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই ১১টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, লুটপাটকারীরা নগদ ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা, ৪২টি গরু, ১৬টি ছাগল, ৮ ভরি স্বর্ণালংকার, ৩৬০ মন ধান, ৬৭ মন চাল, ৫টি ফ্রিজ, ১১টি সেচ মেশিন ও পানির মোটর, ৩-৪টি পুকুরের মাছ, খাট, পানির ট্যাংক, সোফা সেট, ডাইনিং টেবিল, আলমারি, হাঁস-মুরগি, হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ অসংখ্য মালামাল লুট করেছে।
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় অন্তত ১১টি পরিবার সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাড়ির সীমানার এক হাত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পরবর্তীতে এ ঘটনায় নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে ১১টি পরিবারের কেউ বাড়িতে অবস্থান করেনি। প্রতিপক্ষের লোকজন ঘরে প্রবেশ করে দরজা-জানালা ভেঙে নেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আসামিদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো