প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম

চলতি বছরের প্রথম ৯ মাসে ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। সংস্থাটি এ ঘটনাকে ‘‘কারাগারে গণহত্যা অভিযান’’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
আইএইচআরের তথ্য অনুযায়ী, কেবল গত সপ্তাহেই দেশটিতে ৬৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে নয়জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ সংখ্যাটি ইতোমধ্যেই সংস্থার রেকর্ডে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালে সর্বোচ্চ ৯৭৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল।
মানবাধিকারকর্মীরা বলছেন, ১৯৮০ ও ১৯৯০-এর দশকের পর এত ব্যাপক মৃত্যুদণ্ড কার্যকরের নজির আর নেই। আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাবেই প্রতিদিন মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়ছে। তিনি এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
বর্তমানে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হয় মূলত ফাঁসির মাধ্যমে। হত্যা, ধর্ষণ, যৌন নির্যাতন ও মাদকপাচারের মতো অপরাধে এ শাস্তি দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে। তবে তথ্যের স্বচ্ছতার ঘাটতি এবং সংবাদ প্রচারে বাধার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ