প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৬ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে দুর্বৃত্তদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করেছে ডাকাতদল।
সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে একদল ডাকাত পশ্চিম বাইলজুড়ী গ্রামে হানা দেয় এবং আমির মাস্টারের পাশের বাড়িতে প্রবেশ করে। বাড়ির একমাত্র বাসিন্দা রাশিদা বেগমকে হত্যার পর তারা স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে রাশিদা বেগমকে নির্মমভাবে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়। এভাবে একজন নিরীহ নারীর জীবন কেড়ে নেওয়া খুবই মর্মান্তিক।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাশিদা বেগমের সঙ্গে প্রায় ৩০ বছর আগে তার স্বামীর বিচ্ছেদ হয়। এরপর জীবিকার সন্ধানে তিনি জর্ডান যান এবং দীর্ঘ প্রবাসজীবন শেষে এক দশক আগে দেশে ফিরে আসেন। মূল বাড়ি কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে একটি বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। নিহত রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা এখনো জর্ডানে অবস্থান করছেন। ঘটনার সময় রাশিদার ভাইয়ের মেয়ে ও নাতি বাড়ির পাশের একটি ঘরে ছিলেন।
ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে