প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

ঢাকার মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে আদালত পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে। তার সহযোগী গোলাম মোস্তফা আজাদকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হয়েছে। এজাহারে অভিযোগ রয়েছে, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।
প্রথমে ১৩ সেপ্টেম্বর এনায়েত করিমকে আটক করা হয় এবং তার কাছ থেকে জব্দ করা দুইটি আইনফোন বিশ্লেষণ করে সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। তিনি জিজ্ঞাসাবাদে নিজেকে এক বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে স্বীকার করেছেন বলেও উল্লেখ আছে।
তদন্ত সূত্রে বলা হচ্ছে, ঢাকায় এসে তিনি সোনারগাঁও হোটেল ও গুলশানে অবস্থান করেছেন, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং মার্কিন সরকারের নির্দেশনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক বা নতুন জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় ভূমিকা রাখার চেষ্টা করছিলেন।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় আরও তথ্য বের হওয়ার অপেক্ষা করছে সংশ্লিষ্ট মহল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ