প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বউসাঁজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে জালনোটসহ অস্ত্র উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, অভিযানের সময় পার্লারের তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে আরও একজনকে আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে। জালনোট ও অস্ত্রের উৎস শনাক্তকরণের জন্য তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের সিরিয়াল নম্বর ছিল ট ৮৬২৭৩৬৯। অভিযানের সময় পার্লারের ম্যানেজার সাথী জানান, একটি মহিলা ‘হাইড্রা ফেসিয়াল’ করার কথা বলে পার্লারে এসে একটি ব্যাগ রেখে যান; ব্যাগ থেকে জাল টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার তাশলিমা আক্তার, মৃত আমিন মিয়ার কন্যা খাদিজা আক্তার, এবং ইব্রাহিমপুর গ্রামের সুলতান খন্দকারের কন্যা লাকি বেগম।
এদিকে সোমবার সকালে উপজেলা পরিষদ রোডে পার্লারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক যুবতী রিকশায় পার্লারে প্রবেশ করেছিলেন, যেখান থেকে ব্যাগে রাখা জালনোট ও অস্ত্র উদ্ধার করা হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো