প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ AM

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম