প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম

সংগৃহীত ছবি
অবশেষে গ্রেপ্তার হয়েছেন জুলাই ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের সময় সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যা মামলা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিমানবন্দর থানার ওসি বলেন, জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, ‘জাপানি হান্নান’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদ সরকারের সময় ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।