প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পে মাদক বিক্রেতা, অস্ত্রের যোগানদাতা ও ককটেল সংরক্ষণকারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি বলেন, “মোহাম্মদপুরের আলোচিত জেনেভা ক্যাম্পে নিয়মিতভাবে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। মাদকের বিস্তারের জন্য এলাকাটি বেশ পরিচিত। আমরা নিয়মিতভাবে এখানে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে রবিবার রাতভর ১২০ জন পুলিশ সদস্য নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আমরা মাদক বিক্রেতা, অস্ত্রের যোগানদাতা, ককটেল সংরক্ষণকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এরআগে গতকাল শনিবার বিকাল ৪টা থেকে রবিবার রাত ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।