প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৬ AM আপডেট: ২১.০৯.২০২৫ ১১:০৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চরমে পৌঁছেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনভর অনশনরত ৭ থেকে ৮ জন শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। একই সঙ্গে শিক্ষক-কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
দুপুরে উপউপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান তাদের বাসভবনে তালা পেয়ে সেখানে ঢুকতে না পারায় ফিরে যান। এরপর তারা জুবেরী ভবনের দিকে আসেন, যেখানে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। ওই সময় আন্দোলনকারীরা উপউপাচার্যকে আটকিয়ে রাখে এবং ঘটনায় তিনি ও কয়েকজন আহত হন।
জুবেরী ভবনের দোতলায় কিছু শিক্ষার্থী ঘরের জানালা ভাঙচুর করার ঘটনাও ঘটে। শিক্ষকরা ও প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও উত্তেজনা কমেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ রোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন, তবে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত দেবে না।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘নির্বাচন উপলক্ষে কিছু অতিরিক্ত পুলিশ কাজ করতেছে। আজকে মেসগুলোতে রেড দেওয়ার কথা ছিল তাদের, বহিরাগতরা কেউ অবস্থান নিচ্ছে কিনা সেটা দেখার জন্য। তারাই এখন অতিরিক্ত হিসেবে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে।’
এই ঘটনায় শিক্ষক-কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন। অপরদিকে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এবং নারী শিক্ষার্থীরাও তাদের হল থেকে মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম