প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ৪৫ দিনের সময়সীমা নির্ধারণ করেছে। এর উদ্দেশ্য, এনআইডি সংশোধনের কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা।
সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বাধ্য।
ইসি কর্মকর্তারা আরও বলেছেন, কোনো আবেদন যত জটিলই হোক ফেলে রাখার সুযোগ থাকবে না। সকল আবেদন ৪৫ দিনের মধ্যে সমাধান করতে হবে।
এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ফরম-২-কে আদর্শ হিসেবে ধরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে।
ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭,২৯,১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬,৪১,৪৯১টি আবেদন নিষ্পত্তি হয়েছে। বর্তমানে পেন্ডিং থাকা আবেদন ৮৭,৬৪১টি, যা দ্রুত নিষ্পত্তি করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ