প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে মানসিক ভারসাম্যহীনদের জন্য মানবিক আশ্রয়স্থল হয়ে উঠেছে ‘পাগলা হোটেল’। নাম শুনে অনেকে বিভ্রান্ত হলেও বাস্তবে এটি এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত।
উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজারে অবস্থিত হোটেলটির মালিক রনজু মিয়া। ছোটবেলা থেকেই অন্যদের কষ্ট দেখে তার মধ্যে সহমর্মিতা তৈরি হয়। বিশেষ করে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের প্রতি তার ছিল আলাদা সহানুভূতি। নিজের ছোট্ট খাবারের দোকান খুলে তিনি শুরু করেন ব্যতিক্রমী উদ্যোগ, এখানে মানসিক ভারসাম্যহীনরা বিনামূল্যে খাবার পাবেন।
ধীরে ধীরে এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে হোটেলের নাম ‘পাগলা হোটেল’। প্রায় এক বছর ধরে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই হোটেলে মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা থাকে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে তারা আসেন, আর রনজু মিয়া নিজ হাতে রান্না করে পরিবেশন করেন।
এলাকাবাসীর মতে, যেখানে সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, সেখানে রনজু মিয়ার উদ্যোগ মানবিকতার উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তার এই প্রচেষ্টা শুধু খাবার দিচ্ছে না, মানুষকে শিখাচ্ছে সহানুভূতির প্রকৃত অর্থ।
রনজু মিয়ার বিশ্বাস, ‘মানুষকে ভালোবাসার মাধ্যমেই জীবনের আসল শান্তি।’ তার মতে, সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় অর্জন।
‘পাগলা হোটেল’ শুধু একটি খাবারের দোকান নয়, বরং মানবতা ও ভালোবাসার প্রতীক। রনজু মিয়ার এই উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/শাহো