প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৪:৩৭ PM

ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জনগণের উন্নয়নে বাস্তবমুখী নানা পদক্ষেপ গ্রহণ করায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
ইতোমধ্যেই তিনি জুয়া ও মাদক নির্মূলে সোচ্চার ভূমিকা পালন করছেন। এ প্রসঙ্গে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইউএনও লিখেছেন, ‘সন্তান হঠাৎ করেই একদিনে মাদকাসক্ত হয়ে পড়ে না। তাই প্রতিটি অভিভাবককে সন্তানের চলাফেরা ও আচার-আচরণ বিষয়ে সতর্ক থাকতে হবে। স্কুল ও প্রাইভেট ক্লাস কখন শেষ হয় এবং সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কি না, কার সঙ্গে মেলামেশা করছে এবং কোথায় আড্ডা দিচ্ছে, এসব বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
অভিভাবক ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে উপজেলা পরিষদ কার্যালয়ে ‘বুক কর্ণার’ এবং নারীদের জন্য ‘মাদার’স কর্ণার’ স্থাপন করেছেন ইউএনও। শিশুদের নিরাপদ দুগ্ধপানের সুবিধার্থে মাদার’স কর্ণার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। এছাড়া নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্যও একটি বুক কর্ণার চালু করা হয়েছে।
তিনি জানান, প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসেন। এর মধ্যে নারীরা বিশেষভাবে কষ্টে পড়েন, বিশেষত সন্তানকে দুগ্ধপান করানোর স্থান না পেয়ে। এ বাস্তবতা উপলব্ধি করেই এই মাদার’স কর্ণার চালু করা হয়েছে।
যোগদানের পর থেকেই তিনি নান্দাইলে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়, আইন-শৃঙ্খলা উন্নয়ন, ই-টেন্ডারের মাধ্যমে অবকাঠামো নির্মাণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, নদী দখল ও সরকারি জমি উদ্ধার, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও ভেজাল পণ্য উৎপাদন ও মজুদ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন।
দেশের বর্তমান পরিস্থিতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিশেষ করে দেশের সর্ববৃহৎ নান্দাইল চৌরাস্তা মোড়কে দৃষ্টিনন্দন করার উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘নান্দাইলের উন্নয়নের জন্য সবার জন্য আমার দরজা খোলা।’
উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে তার অব্যাহত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/শাহো