প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম

প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে এনজিও কর্মী পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে মিথ্যা প্রলোভন দিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— জেলার বশিকপুর ইউনিয়নের বজলুর রহমান মুন্সির ছেলে মো. শরীফ (৫০), মৃত হাবিব উল্যাহর ছেলে মো. জহিরুল ইসলাম (৪০) এবং রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার মৃত সেরাজল হকের ছেলে শাহ আজিজ (৩৪)।
পুলিশ জানায়, বুধবার দুপুরে চরফলকন ইউনিয়নে প্রতারণার চেষ্টা করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ওই দিন রাতে ভুক্তভোগী নুপুর বেগম বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয়রা জানান, ‘ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লি.’ নামের একটি এনজিওর পরিচয় দিয়ে গ্রেপ্তারকৃতরা আরও কয়েকজন সহযোগীর সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় যায়। তারা গ্রামীণ নারীদের এক হাজার টাকা জমা দিলে ১০ বছরে এককালীন ৪০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখায়। এভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় তারা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এনজিও পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর