প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল হোদা মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু বই-পুস্তক নয়, মানসিকভাবে অনুপ্রাণিত করাও আমাদের দায়িত্ব। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার পরিবেশ গঠনে ভূমিকা রাখতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিঠুসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের পড়ালেখা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম