প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ AM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
তারেক রহমান লেখেন, “শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসছে। এ উপলক্ষে আমি আমাদের সব হিন্দু ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এ উৎসব যেন বাংলাদেশে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনে এই কামনা করি।”
তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে পারস্পরিক সৌহার্দ্য ও সব ধর্মের মানুষের সহযোগিতার মাধ্যমে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার এই ঐতিহ্যই বাংলাদেশের অন্যতম শক্তি, আর এটিকে অবশ্যই রক্ষা করতে হবে।
ফেসবুক পোস্টে তারেক রহমান রাজনৈতিক ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে বলেন, সব সময় কিছু লোক রাজনৈতিক স্বার্থে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে। ধর্মীয় উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এ ধরনের প্রচেষ্টা কেবল লজ্জাজনকই নয়, বাংলাদেশের মৌলিক মূল্যবোধের ওপরও আঘাত। তাই এসব প্ররোচনার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিএনপি ও এর সব অঙ্গসংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ধর্মীয় সম্প্রীতির চেতনা জাতিকে সংজ্ঞায়িত করে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ চেতনাকে নষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ