প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ AM

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেয়ানের অফিসে ভাঙচুর করা হয়। কিন্তু সেটিকে বিএনপির অফিসে হামলা হিসেবে প্রচার করা হচ্ছে, যদিও সেখানে কোনো বিএনপি অফিস নেই।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ