প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ AM

এক দিন আগে ভরিতে প্রায় সাড়ে তিন হাজার টাকা বাড়লেও দেশে আবার কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দর কমায় দাম সমন্বয় করা হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাজুসের ঘোষণায় বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকায় বিক্রি হবে। বর্তমানে এর দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। অর্থাৎ ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমছে।
এছাড়া ২১ ক্যারেট সোনা ভরিতে কমবে ১ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা কমবে ১ হাজার ২৭ টাকা। নতুন দামে ২১ ক্যারেটের সোনা ভরিতে ১ লাখ ৭৯ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হবে।
চলতি মাসেই ছয় দফায় দাম বেড়ে সোনা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সর্বশেষ দাম দাঁড়ায় ভরিতে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে নতুন সমন্বয়ে সেই দাম কিছুটা কমেছে।
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা ও উচ্চ মুদ্রাস্ফীতির সময় সোনার চাহিদা বাড়ে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮৬ ডলার, যা বিনিয়োগকারীদের উদ্বেগ ও ফেডের সুদহার কমানোর সম্ভাবনার প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ