প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৯ AM

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। ওই মাইকিংয়ের শেষ অংশে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করা হয়। তবে পুলিশ বলছে, এটি তাদের পক্ষ থেকে দেওয়া কোনো নির্দেশনা নয়; বরং ভুলভাবে প্রচারিত হয়েছে। পরে তা সংশোধন করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় মাইকে ঘোষণা দিচ্ছেন, পরিচিত না হলে কিংবা সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন ভাড়া দেওয়া না হয়।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ দিকে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করতে শোনা যায়।
মাইকিং করা ওই যুবকের নাম পারভেজ বলে জানা গেলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আশঙ্কা করছেন, প্রশাসনের নামে তাদের ওপরও চাপ সৃষ্টি হতে পারে।
কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান বলেন, সিটিজেন ফোরামের এক বৈঠকে ভাড়াটিয়াদের যাচাই-বাছাই করে ঘর ভাড়া দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মাইকিংয়ের সময় সংশ্লিষ্ট ব্যক্তি বাড়তি কথা বলেছেন।
অন্যদিকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে জানান, আমরা কখনও এ ধরনের নির্দেশ দিইনি। ভুলভাবে প্রচারিত হয়েছে, পরে তা সংশোধনও করা হয়েছে।
তবে রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী থানা সিএমপি চট্টগ্রামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে সিঙ্গেল ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্র থানায় জমা দিতে হবে। পরিচয়পত্র ছাড়া কোনো ভাড়াটিয়া রাখা যাবে না। ভাড়া নেওয়ার পর কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিককেও দায় নিতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ