
সংগৃহীত ছবি
বরিশালে আলোচিত ১৭ বিয়ে করা সাময়িক বরখাস্ত বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে পালানোর সময় আটক করা হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি।
স্থানীয়রা জানান, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন কবির হোসেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ট্রাকভর্তি মালামালও জব্দ করা হয়েছে।
বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব অভিযোগ করেন, দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন তার কাছ থেকে ধার বাবদ প্রায় সাত লাখ টাকা নিয়েছেন, যা এখনও ফেরত দেননি। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়েছেন। হঠাৎ করেই সরকারি বাংলো থেকে মালামাল নিয়ে পালানোর সময় ধরা পড়েন। ট্রাকে সরকারি মালামালও ছিল, যা নামিয়ে রাখা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কবির হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য না করে উল্টো হুমকি ও অভিশাপ দিয়েছেন।
এর আগে, নানা প্রলোভনে ১৭টি বিয়ে করার অভিযোগে দেশজুড়ে আলোচনায় আসেন এই বন কর্মকর্তা। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজেই বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন তিনি।
জানা যায়, চলতি বছরের ৯ এপ্রিল খুলনার সোনাডাঙার খাদিজা আক্তার তার বিরুদ্ধে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। এর আগে ২০১৯ সালে বাগেরহাটের নাসরিন আক্তার দোলনও একই ধরনের মামলা করেছিলেন, যা এখনও বিচারাধীন। সর্বশেষ স্ত্রীদের অভিযোগের ভিত্তিতে বন ও পরিবেশ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। ১১ সেপ্টেম্বর যুগ্ম সচিব সাইদুর রহমান সরেজমিন তদন্ত করেন।
তদন্তের দিনই ক্ষতিগ্রস্ত স্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করে কবির হোসেনের বিচার দাবি করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
চাঁদপুরের তুষপুর গ্রামের সন্তান কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। বন বিভাগের উচ্চ পদ ব্যবহার করে তিনি একাধিক নারীকে ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। একই কারণে এর আগে আরও দুবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে সাবেক মন্ত্রী দীপু মনির সুপারিশে পুনর্বহাল হন।
এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।