প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম

বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন
বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর ছবুর ও ২নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সুয়ালক এলাকার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত গরিবদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে ধনীদের নাম অন্তর্ভুক্ত করে স্বজনপ্রীতির মাধ্যমে সুবিধা বণ্টন করে এই দুই ইউপি সদস্য। তারা সরকারি আশ্রয়ণ প্রকল্পে নাম থাকা সত্ত্বেও সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ দাবি করেছেন। এছাড়া স্থানীয়ভাবে অবৈধ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা।
এসময় বক্তব্যে প্রতিবন্ধী নুরুল কবির অভিযোগ করে বলেন, “আমি সরকারের কাছ থেকে একটি আশ্রয়ণ ঘর পেয়েছিলাম। কিন্তু ১নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুর ছবুর ঘরটি বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাছে ৬০হাজার টাকা দাবি করেন। আমি ২০ হাজার টাকা দেওয়ার পর ঘরের কাজ শুরু হলেও বাকি টাকা দিতে না পারায় অর্ধেক কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।”
মানববন্ধনে বক্তব্যে কাইচতলী ২ নম্বর ওয়ার্ডর আরেক ভুক্তভোগী ইসলাম খাতুন বলেন, “আমার নামে একটি ঘর বরাদ্দ হয়। কিন্তু ২নম্বর ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ঘরের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারায় আজও ঘরটি বুঝে পাইনি।”
আরেক ভুক্তভোগী মো. সিরাজ অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ হলেও কখনো সরকারি কোনো সুবিধা পাই নি বরং সব সুবিধা এলাকার ধনী ও প্রভাবশালীদের দেওয়া হয়েছে।”
এসময় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুয়ালক এলাকার বাসিন্দা সিংমাইনু তঞ্চঙ্গা, মো. বাহার, সিরাজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।