প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে একটি পরিত্যক্ত খামারের পাশ থেকে মিনহাজ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির কাছ থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিনহাজ ওই গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।
পরিবারের সূত্রে জানা যায, সোমবার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার শেষে মিনহাজ বাড়ি থেকে বের হন। রাতে এশার নামাজের পরও তিনি বাসায় না ফিরলে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। একপর্যায়ে খোঁজাখুঁজির মধ্যেই বাড়ির পাশের একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের ভাই মঈদ আহমেদ জানান, মিনহাজকে পরিকল্পিতভাবে হত্যা করে ওই খামারের পাশে ফেলে রাখা হয়েছে বলে তারা মনে করছেন।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিহতের কপালে দুটি ক্ষতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে