প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৭ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ২:৪২ PM

সংগৃহীত ছবি
নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয় আমরা মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, বাংলাদেশকে আমরা এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী ছাড়াই মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না, তাই নিজেরা বিভক্ত হবো না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।’
ড. ইউনূস বলেন, ‘যত ধর্মীয় পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।’
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যাকে বিশ্ব আমাদের অনুসরণ করবে।
মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।
স্বদেশ প্রতিদিন/শাহো