প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ১১:১৭ PM

সংগৃহীত ছবি
কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে কাতার ও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণে ও অযৌক্তিকভাবে ইসরায়েলি আক্রমণ কেবল কাতারের ওপর নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা।
তিনি আরও জানান, বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া পদক্ষেপ হিসেবে দেখে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন ও বারবার গৃহীত প্রস্তাবকে উপেক্ষা করছে।
এ সময় তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ওআইসির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা ও আরব লীগের মহাসচিব স্বাগত বক্তব্য দেন। তারা মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাগুলোর অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন।
সম্মেলনে ২৪ জন রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন। বাকিদের প্রতিনিধি দলগুলোর নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা ৯ সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।
এছাড়াও, নেতারা গাজার ওপর দখলদারিত্ব বন্ধ, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজার জনগণের জন্য খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। একইসঙ্গে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ দাবি করেন, যাতে ইসরায়েলি নেতারা আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন ও ফিলিস্তিনে গণহত্যার জন্য জবাবদিহি করতে বাধ্য হয়।