প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪১ পিএম

ফিলিস্তিনের গাজা ও কাতারে ইসরাইলি হামলার জবাব দিতে ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। কাতারে অনুষ্ঠিতব্য জরুরি আরব-ইসলামিক সম্মেলনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
আল-সুদানি বলেন, গত মঙ্গলবার দোহায় ইসরাইলের হামলায় পাঁচ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি এটিকে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন উল্লেখ করে বলেন, এ হামলা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। মুসলিম দেশগুলো চাইলে আত্মরক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারে। একই সঙ্গে তিনি রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলারও আহ্বান জানান।
এই মন্তব্য এসেছে দোহায় আসন্ন জরুরি আরব-ইসলামিক সম্মেলনের প্রাক্কালে। সম্মেলনে ইসরাইলি হামলার প্রতিক্রিয়া এবং বহুদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। প্রায় এক দশক আগে মিশর প্রথম এ উদ্যোগ নেয়।
ইরাকি প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ইসরাইলি আগ্রাসন কেবল কাতারেই সীমাবদ্ধ থাকবে না। তিনি প্রায় দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, ইসলামি বিশ্বের কাছে ইসরাইলকে ঠেকানোর নানা উপায় রয়েছে।
কাতার সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী জরুরি সম্মেলনের আয়োজন করছে। এর লক্ষ্য দোহায় হামাস নেতাদের ওপর সাম্প্রতিক ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো। ওই হামলায় পাঁচ হামাস সদস্য নিহত হলেও সংগঠনের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, যা বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরাইলের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে তুলেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ