প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ AM

প্রায় সাড়ে ১৭ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই অপ্রত্যাশিত সাক্ষাৎটি এক বিশেষ মুহূর্তে পরিণত হয়, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বাবরকে দেখে উঠে দাঁড়িয়ে তাকে 'স্যার স্যার' বলে জড়িয়ে ধরেন। সাক্ষাৎকালে তিনি বাবরের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্কের কথা স্মরণ করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি স্যারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি এবং তার অধীনে কাজ করেছি। আমাদের মধ্যে অনেক পুরনো পরিচয়। আজকের সাক্ষাৎটি সৌজন্যভিত্তিক ছিল, এবং আমরা পারিবারিকসহ নানা বিষয়ে আলোচনা করেছি।”
সাক্ষাৎ শেষে লুৎফুজ্জামান বাবর গণমাধ্যমকে জানান, তিনি পার্শ্ববর্তী দেশে পতিত সরকারের একটি বৈঠক সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বৈঠকটি বিশেষ শিল্পগোষ্ঠী এসআলম গ্রুপের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশে আসন্ন নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা এবং নির্বাচন বানচাল করা। এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।”
বাবর আরো বলেন, "দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়াকেও একটি বড় সমস্যা হিসেবে আলোচনা করা হয়েছে।"
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ারের মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বদেশ প্রতিদিন / কেআইকে