প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘কলিমউল্লাহ কওমী ইসলামী বিশ্ব বিদ্যালয়’ এর সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক নোমান আহম্মেদ (২১) কে গ্রেপ্তার করেছে গজারিয়া থানার পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: শহিদুল ইসলাম জানান, ভিকটিম শিক্ষার্থীর বাবার করা মামলার ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে করা মামলার (নং-১০) তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার এসআই কাজী রাকিব বলেন, শিক্ষক নোমান আহম্মেদকে আদালতে পাঠানো হয়েছে।
ভিকটিমের পিতা হাসান আলী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে শিশুকে মাদ্রাসার ওয়াশরুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর করে বলাৎকার করা হয়।
হাসান আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাসিন্দা। কর্মসূত্রে তিনি পরিবারসহ ওই প্রতিষ্ঠানের পাশের গ্রাম চরবাউশিয়া পশ্চিমকান্দীর ধনুমিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।
শিশু শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ