প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন মাজহারুল ইসলাম। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, যারা নির্বাচিত হতে পারেননি তাদের নিয়েও তিনি কাজ করতে চান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদের যে আমানত দিয়েছে, তা এক বছরের মধ্যে পূরণ করতে চাই। আমরা শিক্ষার্থীবান্ধব স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলবো এবং ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রাখবো—এই অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনকালে এক শিক্ষকের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হবে। বিজয় মিছিল হবে না।”
নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে এক প্রশ্নের জবাবে মাজহারুল বলেন, “এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে এমনটা আমি মনে করি না। ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ