প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া দুই শিক্ষার্থী অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তারা হলো হাফসা খান (১১) ও রাইয়ান (১৪)।
শনিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে ৫২ দিন পর বাসায় ফেরেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় হাফসা ও রাইয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের শরীরের প্রায় ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডা. শাওন আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এখনও ১১ জন ভর্তি রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ মোট ৩৬ জন প্রাণ হারান। এছাড়া অনেক শিক্ষার্থী দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ