প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৭:৫৯ PM

সংগৃহীত ছবি
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪২তম বৈঠকে এই বিষয়টি আলোচিত হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, পুলিশ সংষ্কারের বিষয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হয়েছে। আইন মন্ত্রণালয়কে দ্রুত সময়ের মধ্যে পুলিশের স্বাধীন তদন্ত সেবা (Independent Investigation Service) গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব না পড়ে। এছাড়া ইন্টারনাল কমপ্লেইন কমিশন গঠনের বিষয়টিও আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ রয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় এমপিদের সহযোগিতা প্রয়োজন। তাই এগুলো কিছু সময়ের জন্য রাখা হবে।
স্থানীয় সরকারের সংস্কারের বিষয়েও উপদেষ্টা পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছেন। স্থানীয় সরকারের ক্ষমতা ও কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার যেন নিজস্ব তহবিল সংগ্রহ করতে পারে, সে বিষয়ে আইন প্রণয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও, অবসরপ্রাপ্ত কিছু চিকিৎসককে পুনরায় চাকরিতে এনে মেডিকেল কলেজে পাঠদান প্রক্রিয়া জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছিলেন, কিছু মেডিকেল কলেজে কোয়ালিটি শিক্ষকের অভাব রয়েছে। তাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় কাজে লাগানো গেলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।