প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা সীমান্তের মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ১২ জন অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করেছেন বলে স্বীকার করেছেন।
বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম। এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত এ ধরনের পতাকা বৈঠক হচ্ছে। এতে সীমান্ত নিরাপত্তা জোরদার হচ্ছে এবং দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আরও মজবুত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম