প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৩ AM

সারা দেশের মতো বগুড়াতেও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
শুক্রবার দিবাগত রাতে হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত হয় মহাসমাবেশ। ১১ রবিউল আউয়াল বাদ জুমা থেকে ১২ রবিউল আউয়াল ফজর পর্যন্ত চলে এ আয়োজন। এতে ছিল বর্ণাঢ্য জশনে জুলুস, ইসলামী আলোচনা, কোরআন তিলাওয়াত, মিলাদ, ক্বিয়াম ও নানা নফল ইবাদত।
বাদ জুমা অনুষ্ঠিত জশনে জুলুসে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের (উত্তরবঙ্গ) সভাপতি ও হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এম ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকী। র্যালিটি বারোপুরস্থ দরবার থেকে শুরু হয়ে মাটিডালি, বনানী ও বিশ্বরোড প্রদক্ষিণ শেষে আবার দরবারে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা হাতে নিয়ে ছিলেন হারাম বর্জনের আহ্বান ও সন্ত্রাসবাদমুক্ত সমাজ গঠনের বার্তা সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার।
বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ-মাহফিলে প্রধান বক্তা হিসেবে ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকী বলেন, “আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বাধিক খুশির দিন আজ। কোরআনের সূরা আম্বিয়ার ১০৭ আয়াতে বলা হয়েছে—‘হে রাসুল, আপনাকে আমি সারা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।’ তাই ১২ রবিউল আউয়াল সমগ্র সৃষ্টি জগতের জন্য খুশির দিন।”
তিনি সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নিন্দা করে বলেন, এটি সুন্নী মুসলিম সমাজের স্বার্থবিরোধী এবং ইসলামবিরোধী কর্মকাণ্ড।
এ আয়োজনে মুসল্লিদের জন্য সাহরির বিশেষ ব্যবস্থা করা হয়। রাতব্যাপী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে মহাসমাবেশের।
স্বদেশ প্রতিদিন/এনআর