
নাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজিত আনন্দ সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ আসনে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্য বিকৃত করে দলীয় একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিএনপি।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমিন জসিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু এবং পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল।
লিখিত বক্তব্যে নূরুল আমিন জসিম বলেন, গত বৃহস্পতিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোটের ইতিহাসে সর্ববৃহৎ এই আয়োজনে ৩০ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণ ঘটে, যা পুরো এলাকাকে মিছিলের নগরীতে রূপান্তরিত করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির আগে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে মোবাশ্বের আলম ভূঁইয়া র্যালির উদ্বোধন করেন এবং বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনমুখী বক্তব্যের সময় তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণভাবে সতর্কতামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, আমাদের অবস্থান ছিল সরাসরি নাম উল্লেখ করে ২০০৮ সালের নির্বাচনে যারা নৌকা মার্কায় ভোট দিয়ে দলীয় স্বার্থবিরোধী কাজ করেছেন, তাদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া। সম্প্রতি লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্ধৃতি দিয়ে আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এর জবাবে আমাদের নেতা রাজনৈতিক শিষ্টাচার মেনে কারো নাম না নিয়েই বক্তব্য দিয়েছেন। অথচ এখন দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে একটি চক্র তাকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
এ বিষয়ে গত শুক্রবার রাতে একটি তথাকথিত প্রতিবাদ সভা ডেকে মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য সচিব স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন ছোট নয়ন। চাঁদাবাজির অভিযোগে তিনি রাজনৈতিকভাবে অবনমিত হয়েছেন এবং স্থানীয়ভাবে বিতর্কিত পরিচিতি বহন করছেন।
একই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী শাসনামলে দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অব্যাহতি পাওয়া আনোয়ার হোসেন মুকুল এবং কেন্দ্রীয় বিএনপির বহিষ্কারাদেশপ্রাপ্ত মাজহারুল ইসলাম ছুপু।