প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, ‘দেশে নির্বাচনি আবহাওয়া তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচন নয়, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না।’
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ১১ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়পুর মাচ্চেন্টস একাডেমি মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল ৪টা পর্যন্ত এ রিপোর্ট লেখা সময় ভোটগ্রহণ চলছিল।
মাহবুবের রহমান বলেন, ‘১৭ বছর ধরে খালেদা জিয়া নির্যাতিত হচ্ছেন। তাঁর পরামর্শ নিয়েই আমরা দলকে মানুষের কাছে নিয়ে যাচ্ছি। দেশে এক ব্যক্তির শাসন চলতে পারে না। ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা আন্দোলন করছি। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নই এখন আমাদের প্রধান দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘গভীর ষড়যন্ত্র চলছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, জনগণের ভোটাধিকার ফিরে না আসে। দেশের ভেতরে ও বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিত শক্তি। এসব রক্তের বদলেও প্রতিহত করে আমরা দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব।’
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। স্বাগত বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম