প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৮:০১ PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঝোপ থেকে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের বাড়ির পাশের একটি ঝোপের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত মমতাজ বেগম ওই গ্রামের মৃত আ. মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মমতাজ বেগম শুক্রবার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর তার স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে তাকে খুঁজে পাননি।
এরইমধ্যে পরেরদিন শনিবার দুপুরে বাড়ির পিছনের ঝোপে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তা ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আঁধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এলাকাবাসীর সন্দেহ, নিহত নারীর ছেলে, পুত্রবধূ ও ভাসুরের ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, “মমতাজের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনে তার তিন ছেলে আব্দুল গফুর, নুর আলম, সজীব ও পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে