প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দোয়া, মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বাউফল পৌর শহরের গোলাবাড়ি শাহী মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রয়াত স্থানীয় নেতাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে মুসল্লি ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ-সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মরহুম শাহজাহান পঞ্চায়েত, সভাপতি মরহুম আলহাজ সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাবেক ভিপি ও সাংগঠনিক সম্পাদক মরহুম জাহাঙ্গীর হোসেন তালুকদারসহ প্রয়াত নেতাদের স্মরণ করা হয়। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী জায়েদ মাহমুদ, প্রয়াত সাধারণ সম্পাদক শাহজাদা মিয়ার কনিষ্ঠ পুত্র।
মুনির হোসেন বলেন, বাউফলের প্রয়াত বিএনপি নেতারা শুধু দলের জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাদের অবদান বিএনপি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ