প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি
অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশনের একটি বিশেষ দল ঢাকার ধানমণ্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম এবং দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা তদন্তাধীন একটি মামলার আসামি।
সিআইডির মুখপাত্র জসীম উদ্দিন খান জানান, তদন্তের মাধ্যমে এই প্রতারণা চক্রের মূল রহস্য উদ্ঘাটন করা হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
তদন্তে জানা গেছে, এই চক্রটি মানুষের কাছে ভুয়া খণ্ডকালীন চাকরি ও লোভনীয় বিনিয়োগের প্রস্তাব দিত। স্বল্প সময়ে কয়েক গুণ মুনাফা পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করত চক্রটি। তারা টেলিগ্রাম অ্যাপে
এসব কার্যক্রম পরিচালনা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এই চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরো অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি।
ইতোমধ্যে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে।
সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে সিআইডি।
স্বদেশ প্রতিদিন/শাহো