প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫২ AM

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর অবশেষে আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে তারা এ কর্মসূচি শুরু করেন।
অনশনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৭ দিন ধরে মানববন্ধন, সমাবেশ ও পাঁচ দিন মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করেও কোনো কার্যকর উদ্যোগ পাননি। তাই সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে এবার তারা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, “টানা ৩৭ দিন আন্দোলন করেও প্রশাসনের টনক নড়েনি। তাই আমরণ অনশন ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কোনো অঘটন ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।”
আইন বিভাগের শিক্ষার্থী স্বাক্ষর বলেন, “আমরা চাই ইউজিসি আমাদের তিন দফা দাবি গ্রহণ করে কার্যকর করুক। আমরা জানি অবকাঠামোগত উন্নয়ন একদিনে সম্ভব নয়। তবে এখন যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অসম্ভব হয়ে পড়বে।”
গত ২৮ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ধারাবাহিক আন্দোলনের ৩৭তম দিনে এসে তারা আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ