প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩২ AM

চট্টগ্রামের সাতকানিয়ায় নুডলস খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে ফাতেমা জান্নাত নামে সাত মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত স্থানীয় জাহেদুল ইসলামের মেয়ে।
পরিবার জানায়, জান্নাত জন্মের কিছুদিন পর থেকেই মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। তাই পাঁচ মাস বয়স থেকে তাকে মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো। বুধবার রাতে শিশুটিকে একসঙ্গে বেশি নুডলস খাওয়ানো হলে তা গলায় আটকে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর দাদি শাহীন আক্তার জানান, চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসনালিতে খাবার আটকে শ্বাস নিতে না পারায় জান্নাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে জরুরি অবস্থায় পা ধরে উল্টে মাথা নিচে রাখতে হয়। এরপর পেট চেপে ধরে পিঠ চাপড়ালে খাবার মুখ দিয়ে বের হয়ে আসতে পারে। তবে ১০ মিনিটের মধ্যে বাধা দূর না হলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দেয়।
শ্বদেশ প্রতিদিন/ আরএফ