প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:১০ AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে অন্তত ৪৬টির সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী এলাকার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে গত দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে, বাকিগুলোতে পরিবর্তন এসেছে।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত ৩০ জুলাই প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করেছিল। পরে দাবি-আপত্তি শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবার সুচারুভাবে বিশেষায়িত কমিটির মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছে। এর ফলে নির্বাচন প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল কাজটি শেষ হয়েছে।
তিনি আরও জানান, এবার গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে। বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি করা হয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশের পর সীমানা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ আর নেই। ফলে সম্ভাব্য প্রার্থীরাও এখন দ্রুত নিজেদের নির্বাচনী প্রস্তুতি নিতে পারবেন।
যেসব আসনের সীমানায় পরিবর্তন এলো
পঞ্চগড়-১ ও ২
রংপুর-১ ও ৩
সিরাজগঞ্জ-১ ও ২
পাবনা-১ ও ২
বাগেরহাট-১, ২ ও ৩
সাতক্ষীরা-২, ৩ ও ৪
মানিকগঞ্জ-২ ও ৩
ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪
গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬
নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫
ফরিদপুর-২ ও ৪
শরীয়তপুর-২ ও ৩
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩
কুমিল্লা-১, ২, ৬ ও ১০
নোয়াখালী-১, ২, ৪ ও ৫
চট্টগ্রাম-৭ ও ৮
প্রথমে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করা হলেও শুনানি শেষে ঢাকার ৩ ও ১৯, কুমিল্লা-৯ এবং সিলেট-১ আগের অবস্থায় ফেরানো হয়েছে। এর পাশাপাশি আরও কিছু আসনে দাবি-আপত্তি মেনে নতুনভাবে পরিবর্তন আনা হয়েছে। খসড়া প্রকাশের পর ৮৪টি আসন নিয়ে ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। গত ২৪ থেকে ২৭ আগস্ট টানা চার দিন শুনানি শেষে ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
ইসি জানিয়েছে, আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত চার নির্বাচনে সীমানা পরিবর্তনের চিত্র
নবম সংসদে (২০০৮) সর্বাধিক ১৩৩ আসনে পরিবর্তন আনা হয়েছিল। দশম সংসদে (২০১৪) খসড়ায় ৮৭ আসনে পরিবর্তনের প্রস্তাব থাকলেও চূড়ান্তভাবে ৫০ আসনে পরিবর্তন হয়। একাদশ সংসদে (২০১৮) খসড়ায় ৪০ আসনে পরিবর্তনের প্রস্তাব ছিল, কিন্তু চূড়ান্তভাবে ২৫ আসনে পরিবর্তন হয়। দ্বাদশ সংসদে (২০২৩) ১২ আসনে সীমিত পরিবর্তন আনা হয়েছিল।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার ৪৬ আসনের সীমানায় পরিবর্তন এনে গত তিন নির্বাচনের তুলনায় সবচেয়ে বড় পরিসরে নতুন করে সীমানা নির্ধারণ করা হলো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ