প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ পিএম

বিশ্বখ্যাত ইতালীয় ফ্যাশন ডিজাইনার ও কিংবদন্তি আইকন জর্জিও আরমানি আর নেই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজ বাড়িতে পরিবারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস আরমানি এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে বলেছে, “জর্জিও আরমানি আমাদের পরিবারকে প্রতিষ্ঠা করেছিলেন এবং নিষ্ঠা ও আবেগ দিয়ে লালন করেছেন। আজ আমরা এক অপূরণীয় শূন্যতা অনুভব করছি।” মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
‘রে জর্জিও’ বা ‘কিং জর্জিও’ নামে পরিচিত আরমানি আধুনিক ইতালীয় স্টাইল ও মার্জিত রুচির প্রতীক হিসেবে বিশ্ব ফ্যাশন জগতে অমর হয়ে আছেন। তার প্রতিটি কালেকশনে থেকে শুরু করে বিজ্ঞাপন, এমনকি রানওয়ে শোতে মডেলদের খুঁটিনাটি সাজগোজেও তিনি নিজ হাতে নজর দিতেন।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত আরমানি ব্র্যান্ডের বয়স শিগগিরই ৫০ বছরে গড়াবে। আসন্ন মিলান ফ্যাশন উইকে এ উদযাপনের প্রস্তুতি চলছিল। বর্তমানে কোম্পানির বাৎসরিক আয় প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ইউরো।
সুদর্শন কালো টাই স্যুট, ঝলমলে ইভনিং গাউন ও অভিনব নকশার পোশাক দিয়ে তিনি বিশ্বজুড়ে ধনী ও বিখ্যাতদের মুগ্ধ করেছেন। তার ডিজাইন প্রায়ই লাল গালিচায় ঝলক ছড়িয়েছে।
প্রায় ১০ বিলিয়ন ডলারের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আরমানি। পোশাকের পাশাপাশি গৃহসজ্জা, সুগন্ধি, প্রসাধনী, বই, ফুল ও চকলেট ব্যবসায়ও নিজের নাম যুক্ত করেছিলেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ