প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বিররামপুর ভাটিপাড়া এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দেড় হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকরা জানান, প্রতিদিন ত্রিশাল-বালিপাড়া সড়কে দ্রুতগতির যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে চলেছে। বিষয়টি বহুবার সংশ্লিষ্টদের জানানো হলেও এখনো স্পিড ব্রেকার দেওয়া হয়নি।
জে.ও.সি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুসিং বলেন, ‘আমরা স্থানীয় ইউপি সদস্যসহ প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি গার্মেন্টস কর্তৃপক্ষের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করি। পরে তারা অবরোধ তুলে নেয়। হাইওয়ে রোডে স্পিড ব্রেকার ঝুঁকিপূর্ণ হলেও এখানে শত শত শ্রমিকের যাতায়াত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের সাথে কথা বলবো।’
স্বদেশ প্রতিদিন/এমএম