প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৬:৩৬ PM

সংগৃহীত ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ সুপার (এসপি) পদায়ন হবে লটারির মাধ্যমে। এ পদ্ধতিতে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করা হবে না।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, কখনো, কোনো দিন সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে পদায়ন হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।
সচিব আরো বলেন, এখন অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিট লিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে, সামনে আরো হবে। আর যেখানে স্ট্যাবল আছে... যেমন যুগ্ম সচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম সচিবদের তুলে আনব। নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেসব প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে সম্পন্ন হলে নির্বাচনের দিন কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।
এর আগে, গত ৬ আগস্ট জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, তার হাতে এসপি ও ওসিদের বদলি-পদায়নের ক্ষমতা রয়েছে এবং তা লটারির মাধ্যমেই করা হবে। এই প্রক্রিয়ায় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও উপস্থিত রাখা হবে।