প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৮:৩১ PM

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটি দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না।
এ সময়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে ৭টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যমুনায় বৈঠকে মিলিত হন। বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।
এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নুরের উপর হামলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো বলেন, নির্বাচনে অতীতে যারা সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, প্রয়োজনে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া যায় কিনা তা বিবেচনা করা যেতে পারে। লটারির মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণের পরামর্শও দেন।
নির্বাচনী সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
এছাড়াও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধি করার জন্য সকল বাহিনীর সদস্যদের সঙ্গে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং আয়োজন করে উদ্দীপনা সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন এবি পার্টির নেতৃবৃন্দ।