প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম

গফরগাঁওয়ে মৎস্য সংরক্ষণ অভিযানে চায়না ও কারেন্ট জাল জব্দ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে বিভিন্ন জায়গায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ (সংশোধিত) এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গফরগাঁও বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে গফরগাঁও থানার পুলিশ কর্মকর্তা ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময়, ব্রহ্মপুত্র নদে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১৬০০ মিটার চায়না দুয়ারী জাল, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা, এবং ৩০০০ মিটার কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা, জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন, “মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”