প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাদের মেয়ে সুমাইয়া (৭), এবং গুরুতর আহত অবস্থায় পরে মারা যান সোহেল রানা (২৮)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান।
ওসি জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে ফিরছিলেন সোহেল রানা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও তার মেয়ে নিহত হন।
গুরুতর আহত সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এনআর