বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর-২; বিএনপি আশাবাদী, তবে এগিয়ে জামায়াত প্রার্থী
কে এম রফিক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ২:০১ এএম

স্বাধীনতা পরবর্তী সময়ে যশোর ২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ভোট যুদ্ধে বিএনপি একবার জিতলেও সময়কাল ছিল মাত্র ছয় মাস। তবে জামায়াত জিতেছে দুই বার। সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে বিএনপির অন্তত ছয়জন নেতা মাঠে সক্রিয়। তবে, শেষ পর্যন্ত দুই নেতার মধ্যেই মনোনয়নের লড়াই সীমাবদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন নেতাকর্মীরা। ইতোমধ্যে পরিবর্তিত প্রার্থী নিয়ে মাঠে নেমে পড়েছে জামায়াতে ইসলামী। খেলাফত মজলিসও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একজনের নাম শোনা যাচ্ছে। এনসিপির কোনো প্রার্থীর নাম শোনা যায়নি।

যশোর-২ সংসদীয় আসনে ২২টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা রয়েছে। সমান সংখ্যক ১১টি করে ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাতে। দুটি উপজেলাই ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। নীল বিদ্রোহ থেকে শুরু করে বৃটিশ বিরোধী আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রামের সাথে উপজেলা দুটির নাম চির স্মরণীয়। এরমধ্যে চৌগাছাকে বলা হয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রবেশদ্বার। এখানেই সংগঠিত হয়েছিল মুক্তি সংগ্রামে ঐতিহাসিক মল্লযুদ্ধ।

এবার বিএনপির দলীয় মনোনয়ন লাভের আশায় রয়েছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোর্তুজা এলাহী টিপু এবং দলের ঝিকরগাছা উপজেলা সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।

এসব নেতার মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবিরা নাজমুল মুন্নি এবং মিজানুর রহমান খান। মুন্নি বিএনপির ঝিকরগাছা উপজেলা সভাপতি নাজমুল ইসলামের স্ত্রী। ২০১১ সালে নাজমুল ইসলাম গুম হন। এর প্রায় চার মাস পর রাজনীতিতে সক্রিয় হন মুন্নি। তিনি দল থেকে মনোনয়ন পেয়ে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

সাবিরা নাজমুল মুন্নি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে প্রতিযোগী একাধিক থাকবেন এটাই স্বাভাবিক। তাদের মধ্য থেকে দল অবশ্যই যোগ্যদেরকে মূল্যায়ন করবে। ’  নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে মানুষের জন্য কাজ করেছি। বিএনপি এই আসন থেকে অন্য কাউকে মনোনয়ন দিলে কী করবেন জানতে চাইলে মুন্নি বলেন, সবার আগে দল। যিনিই এই প্রতীক নিয়ে মাঠে নামবেন তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

দলীয় মনোনয়ন লড়াইয়ে সাবিরা নাজমুল মুন্নিকে সবথেকে বেশি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে তিনি হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা মিজানুর রহমান খান। তিনি যশোর সদর উপজেলার অন্তর্গত উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মিজানুর রহমান খান দলীয় মনোনয়ন লাভের আশা ব্যক্ত করে বলেন, ‘১২ বছর ধরে মাঠে আছি। তৃণমূলের সাথে আছি। নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে আছি। দলকে সুসংগঠিত করার চেষ্টা করছি। আগামীতেও করবো। আমার বিশ্বাস তৃণমূলের দাবি অনুযায়ী দল আমাকে মূল্যায়ন করবে’।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামী প্রথমে প্রার্থী ঘোষণা করেছিল মাওলানা আরশাদুল আলমকে। তিনি ঝিকরগাছার অধিবাসী এবং ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসার সহকারী অধ্যাপক। কয়েকমাস তিনি এলাকায় নির্বাচনমুখি নানা কার্যক্রমও পরিচালনা করেন। কিন্তু, কয়েক মাস আগে তার স্থলে দলটি প্রার্থী ঘোষণা করেছে ছাত্র শিবিরের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে। শিশু হৃদরোগ ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ এই চিকিৎসক প্রায় ৩০ বছর ধরে যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন। যশোর সরকারি এমএম কলেজের প্রয়াত অধ্যক্ষ পাঠাগার আন্দোলনের পুরোধা পুরুষ প্রফেসর শরীফ হোসেন তার পিতা। যশোর শহরের খড়কিতে তার জন্ম।

ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জামায়াতে ইসলামীর আহবানে সাড়া দিয়ে আমি দেশে এসেছি। ব্রিটেন ছেড়ে আপনাদের সেবায় নিয়োজিত করতে আমার দেশে আসা। তিনি বলেন, জুলাই আহতদের সেবা করেছি। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে এসেছি। আশাকরছি নির্বাচনে বিজয়ী হয়ে দেশ ও দশের হয়ে কাজ করতে পারবো। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হচ্ছেন মাওলানা কামাল হুসাইন। তিনি দলের যশোর জেলা কমিটির সাবেক সেক্রেটারি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে, দলের জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, জাতীয় শিক্ষক পরিষদের নেতা ইদ্রিস আলী মাস্টার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন।

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)’র কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেছেন, ‘নির্বাচন হলেতো দল অংশ নেবেই। ইচ্ছা আছে সব আসনেই প্রার্থী দেওয়ার। তবে, এখনো যশোর জেলা কমিটি গুছিয়ে ওঠা যায়নি। এই (আগস্ট) মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করা হবে। এরপর কে কোন আসনে প্রার্থী হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে’।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  বিএনপি-জামায়াত   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close