প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৬ পিএম

মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগ-কুঠিবাড়ী এলাকার চিহ্নিত আসামি আনোয়ার শেখের (আয়নোর শেখ) বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, শিশু ধর্ষণ ও ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অপকর্মের বিচার দাবিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ভূক্তভোগী খলিল বেপারীসহ এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মৃত হাচেন শেখের ছেলে আনোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। তার বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতি ও রাষ্ট্রদ্রোহ মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তেমন জমি-জমা না থাকা সত্ত্বেও অবৈধভাবে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
ভূক্তভোগী খলিল বেপারী বলেন, “আমার সাথেও জমিজমা নিয়ে হয়রানি করা হচ্ছে। সে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার নামে বিএনপির জনসভায় বোমা হামলার মামলাও আছে। অথচ কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির ছত্রছায়ায় থেকে অপরাধ চালিয়ে যাচ্ছে।” তিনি আনোয়ারের আর্থিক উৎস নিয়েও প্রশ্ন তোলেন এবং প্রশাসনের কাছে তদন্ত দাবি করেন।
আরেক ভূক্তভোগী হারুন মোল্লা বলেন, “দিন দিন আনোয়ারের অত্যাচার বেড়েই চলছে। মানুষের জমি দখল, অপরাধ আর দলবদল তার স্বভাব। সমাজের জন্য এমন লোক ভয়ঙ্কর। তাকে আইনের আওতায় আনা হোক।”
অভিযোগের বিষয়ে আনোয়ার শেখ দাবি করেন, তিনি নির্দোষ এবং অভিযোগকারীরাই নাকি ভূমিদস্যু।
এ প্রসঙ্গে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুরনো মামলায় যদি কেউ ওয়ারেন্টভুক্ত আসামি থাকেন, তবে তাকেও গ্রেপ্তার করা হবে। এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর